২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে নাতনীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হত্যাকাণ্ড: প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে নাতনীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেপ্তাররা হলেন রাব্বি ও তার সহযোগী রাকিব।নিহত ইমামুল হোসেন (৫০) ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। অভিযোগ রয়েছে, নাতনীকে ইভটিজিংয়ের প্রতিবাদকে কেন্দ্র করে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বি ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা ও স্বজনরা আহত ইমামুল হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‍্যাব-৬ যশোরের একটি অভিযানিক দল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে প্রধান অভিযুক্ত রাব্বি ও তার সহযোগী রাকিবকে গ্রেপ্তার করে। র‍্যাব সূত্র জানায়, তারা ঢাকা থেকে সায়রা পরিবহনের একটি বাসে করে এলাকায় ফিরছিলেন। র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়