২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২

নিজস্ব প্রতিবেদক
যশোরের এক প্রবাসীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসুখালী গ্রামের আব্দুর রাজ্জাক গাজী (৩৯) ও পশ্চিম নলতা গ্রামের আবীর হোসেন (২৫)। পুলিশ জানায়, ঝিকরগাছা থানায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের একটি মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে আটক করা হয়। ডিবি পুলিশের তথ্যমতে, মালয়েশিয়া প্রবাসী বিপ্লব হোসেনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে প্রতারক চক্র তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। ২০২৫ সালের ৩১ অক্টোবর তারা প্রবাসীর স্ত্রীকে জানায়, বিপ্লব হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন। স্বামীর বিপদের কথা বিশ্বাস করে তাঁর স্ত্রী ও স্বজনেরা বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে ধাপে ধাপে মোট ৬ লাখ ৯০ হাজার ৪৫৫ টাকা পাঠান। পরে সরাসরি বিপ্লব হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানতে পারেন, তিনি সুস্থ আছেন এবং দুর্ঘটনার খবরটি ছিল সম্পূর্ণ মিথ্যা। ঘটনার পর বিপ্লব হোসেনের স্ত্রী ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) দেবব্রত ঘোষ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, আব্দুর রাজ্জাক গাজীর কাছ থেকে নগদ ৩৫ হাজার ৬০০ টাকা, দুটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া আবীর হোসেনের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিম কার্ড উদ্ধার করা হয়। আটক দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়