রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় আমেনা হাসান বিপাশা (৩৫) নামে এক স্বাস্থ্য কর্মী নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার কালনা-যশোর মহাসড়কের মধুমতি ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপাশা উপজেলার চরঘুনাপাড়া গ্রামের বাসিন্দা ও সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের সহধর্মিণী। তিনি পাংখারচর কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে কর্মরত ছিলেন। জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে আমেনা হাসান বিপাশা লক্ষীপাশার বাসা থেকে অটো ভ্যানযোগে তার কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালনা-যশোর মহাসড়কের মধুমতি ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এ সময় আমেনা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। যশোরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে নিহতের জানাযা শেষে লোহাগড়া পৌরসভার মোচড়া গ্রামে দাদীর কবরের পাশে দাফন করা হয়েছে।

