প্রতিদিনের ডেস্ক
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সোমবার (২২ জুন) কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার আভাস মেলায় বিশ্ববাজারে তেল সরবরাহের অন্যতম প্রধান রুট ‘হরমুজ প্রণালি’ সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে আসায় দাম নিম্নমুখী হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৯১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ১২ ডলারে নেমেছে। মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও ০ দশমিক ৭০ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭৫ দশমিক ৩২ ডলারে।
তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে চলমান এই প্রথম দফার উচ্চপর্যায়ের বৈঠককে ‘উৎসাহব্যঞ্জক ও আশাব্যাঞ্জক’ বলে উল্লেখ করার পরই বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরে আসে, যার প্রভাব পড়ে বাজারে।
গত সপ্তাহে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধাবস্থার অবসান এবং অবরুদ্ধ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। এই ইতিবাচক কূটনৈতিক অগ্রগতির জেরে বিশ্ববাজারে তেলের দাম কমলেও এশিয়ার শেয়ারবাজারগুলোতে সোমবার মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের সূচক বাড়লেও মার্কিন ফিউচার সূচক কিছুটা নিচের দিকে রয়েছে।
ইরান যুদ্ধ শুরুর আগের দামে ফিরছে তেল?
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কারের মধ্যে প্রযুক্তি খাতের শেয়ারের ওপর ভর করে টোকিওর নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭২ হাজার ৩৬৪ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে এটি রেকর্ড ৭২ হাজার ৮৩১ দশমিক ৭৩ পয়েন্ট স্পর্শ করে। জাপানের বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ এবং সেমিকন্ডাক্টর সরঞ্জাম নির্মাতা টোকিও ইলেকট্রনের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।
দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছে, যেখানে মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। আসত্রিস অ্যাডভাইজরি জাপানের ব্যবস্থাপনা পরিচালক নীল নিউম্যান জানান, বাজার এখন বেশ চাঙা। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির দিকে বিনিয়োগকারীদের কড়া নজর রাখতে হবে। অন্যদিকে হংকংয়ের হ্যাং সেং সূচক ১ শতাংশ কমলেও সাংহাই কম্পোজিট সূচক শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।সূত্র: এপি, ইউরো নিউজ
