প্রতিদিনের ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে- এমন অভিযোগ পাওয়া গেছে।মারধরের শিকার সাংবাদিক মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের রিপোর্টার। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন ওই এলাকায় মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন।এ নিয়ে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় জামায়াতের কয়েকজন কর্মী শিশিরের কলার চেপে ধরে তাকে ঘুষি মারেন। পরে তিনি রাস্তায় পড়ে গেলে তাকে লাথিও মারা হয়।ঘটনার বিষয়ে সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার।তিনি প্রশ্ন তুলে বলেন, আপনারা (জামায়াতে ইসলামী) তো সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। একজন সাংবাদিকের কলার ধরা আর তাকে মারধর করা কি আপনাদের সেই স্বাধীনতার নমুনা?পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।এ বিষয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন এক গণমাধ্যমে। তিনি বলেন, আমরা সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করি না। ফুটেজ দেখে আমরা এই ঘটনায় জড়িতদের শনাক্ত করব এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। কোনো বহিরাগত এর সঙ্গে জড়িত ছিল কি না- তাও আমরা তদন্ত করে দেখব।
