প্রতিদিনের ডেস্ক:
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কিছুক্ষণ আগে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ ভূমিকম্পের সার্বিক ক্ষয়ক্ষতি বিবেচনা করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি পরিস্থিতিকে ‘প্রকৃত ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন। রদ্রিগেজ জানান, বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পরপর দুটি ভূমিকম্প ঘটে। যার প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং পরেরটি ছিল ৭ দশমিক ৫। এখন পর্যন্ত ২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে।তিনি আরো জানান, ভয়াবহ এই ভূমিকম্প বেশ কয়েকটি রাজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে। মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরাগুইয়া, কারাবোবো এবং ফ্যালকন রাজ্যেও এর প্রভাব পড়েছে।জনগণের এই অত্যন্ত স্পর্শকাতর মুহূর্তে এবং যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন ডেলসি রদ্রিগেজ।এদিকে, ভেনেজুয়েলায় এই ভয়াবহ দুর্যোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই ভূমিকম্পকে ‘বিধ্বংসী’ উল্লেখ করে ভেনেজুয়েলাকে প্রয়োজনীয় সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।আল-জাজিরার প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভূমিকম্পের তীব্র কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়া এবং ব্রাজিলেও অনুভূত হয়েছে। সংকটময় এই পরিস্থিতিতে আর্জেন্টিনা ও চিলিসহ বেশ কয়েকটি দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলাকে সাহায্য করার আশ্বাস দিয়েছে। বর্তমানে ধসে পড়া ভবনগুলোতে আটকে পড়াদের উদ্ধারে জরুরি উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।
