প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার চারজনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ধানমণ্ডি জোনের উদ্যোগে আয়োজিত একটি ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
