প্রতিদিনের ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক লিজা আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে শনিবার (২৭ জুন) সকালে নতুন করে অস্থিরতা দেখা দেয়। তার স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলকে ঘিরে উপজেলার টেপিরবাড়ী এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে শিল্প পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।শ্রমিকদের অভিযোগ, মিলাদ মাহফিলে অংশ নিতে আসা শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হয়ে কারখানায় প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোতে প্রকৃত শ্রমিকদের তুলনায় বহিরাগতদের সম্পৃক্ততাই বেশি ছিল।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম বলেন, “কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও শিল্প পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার রাতে কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান লিজা আক্তার (৩৬)। এর প্রতিবাদে বৃহস্পতিবার শ্রমিকরা সড়ক অবরোধ করেন এবং পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় দায়ের করা তিনটি পৃথক মামলায় মোট ১ হাজার ১০০ জনকে আসামি করা হয়েছে।
