প্রতিদিনের ডেস্ক:
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদর দফতরে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তাকর্মী ও চারজন হামলাকারী রয়েছেন।শনিবার (২৭ জুন) সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলের গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত রেঞ্জার্স সদর দফতরে এ হামলার ঘটনা ঘটে
সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে সদর দফতরের প্রধান ফটকে আঘাত হানে। এর পরপরই ভারী অস্ত্রে সজ্জিত কয়েকজন হামলাকারী ভেতরে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েন। তবে হামলার সময় গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে চলা নিরাপত্তা বাহিনীর অভিযানে চার হামলাকারী নিহত হন। তবে হামলায় প্রাণ হারান তিনজন নিরাপত্তাকর্মীও। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স এবং সিন্ধু রেঞ্জার্সের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পুরো এলাকায় তল্লাশি জোরদার করা হয়।এদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় বিস্তারিত প্রতিবেদন দ্রুত জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
