গোলের পরিসংখ্যানে মেসি একাই ছাপিয়ে গেছেন ৩০ দলকে

প্রতিদিনের ডেস্ক:
বিশ্বকাপ চলাকালেই ৩৯তম বছরে পা রেখেছেন আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তবে তার জন্য বয়স যেন শুধুই একটি সংখ্যা। আর্জেন্টিনার অধিনায়ক টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ গোল করে শুধু সর্বোচ্চ গোলদাতাই নন, গোলের সংখ্যায় তিনি ছাড়িয়ে গেছেন অংশ নেওয়া ৩০টি জাতীয় দলকেও।
গ্রুপ পর্ব শেষে এমন অবিশ্বাস্য পরিসংখ্যান সামনে এসেছে, যা আবারও প্রমাণ করছে- বিশ্বকাপের মঞ্চে মেসি এখনও সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারেন।গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেছেন মেসি।
এই ৬ গোল দিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে ৩০টি দল রয়েছে, যাদের মোট গোলের চেয়ে বেশি গোল করেছেন লিওনেল মেসি। অর্থাৎ, একা মেসির গোলসংখ্যা টুর্নামেন্টের অধিকাংশ দলের চেয়েও বেশি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৯-এ নিয়ে গিয়ে তিনি আরও শক্ত করেছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অবস্থান।শুধু গোলই নয়, জর্ডানের বিপক্ষে গোল করে মেসি গড়েছেন আরেকটি ঐতিহাসিক রেকর্ড। তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন। ২০২২ কাতার বিশ্বকাপের নকআউট পর্ব থেকে শুরু হওয়া এই ধারাবাহিকতা ২০২৬ বিশ্বকাপেও অব্যাহত রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির দুর্দান্ত ফর্মে ভর করে গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। এখন লিওনেল স্কালোনির দলের সামনে রাউন্ড অব ৩২-এ অপেক্ষা করছে ইতিহাস গড়া কেপ ভার্দে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে মেসির সামনে আরও নতুন রেকর্ড গড়ার সুযোগও থাকছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়