নতুন সিনেমার সাফল্য নিয়ে যা বললেন জয়া আহসান

প্রতিদিনের ডেস্ক:
টালিউডের ব্যবসাসফল সিনেমা অর্ধাঙ্গিনীর সিক্যুয়েল আজও অর্ধাঙ্গিনী মুক্তির অপেক্ষায়। প্রায় তিন বছর পর কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ফের বড়পর্দায় ফিরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটির প্রচারণায় বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এ সময় নতুন সিনেমার সাফল্য নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন অভিনেত্রী।ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে আজও অর্ধাঙ্গিনী নিয়ে জয়া বলেন, ‘এই ছবিটা যদি দর্শকপ্রিয়তা পায়, তাহলে খুব ভালো লাগবে। তবে ম্যাজিক তো তৈরি করা যায় না, ম্যাজিক হয়ে ওঠে। ম্যাজিক আদৌ হয়েছে কি না, সেটার জন্য আমিও অপেক্ষা করছি।’আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। বিশেষ এই দিনটি নিয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, জন্মদিন ঘটা করে উদযাপন করার মানুষ তিনি নন। তবে কাছের মানুষ ও অনুরাগীদের ভালোবাসা তাকে আনন্দ দেয়।জয়ার ভাষায়, ‘বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা ভালোবেসে মনে রাখেন, সেটাই ভালো লাগে। সেদিন নিজেকে একটু স্পেশাল ভাবতে ইচ্ছে করে। ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে জন্মদিন উদযাপনের স্মৃতি এখনও মনে পড়ে। তবে এখন এসব নিয়ে একটু লজ্জাও লাগে।’সাক্ষাৎকারে ফুটবল নিয়েও কথা বলেন জয়া। তিনি জানান, ২০১৮ সালে রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ উপভোগ করেছিলেন। এবার যেতে না পারলেও তার সমর্থন রয়েছে পর্তুগালের প্রতি।
তিনি বলেন, ‘পর্তুগালকে খুব ভালোবাসি। রোনালদোকে খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।’টালিউডে নিজের অবস্থান নিয়েও কথা বলেন জয়া আহসান। তিনি জানান, বাংলাদেশি পাসপোর্ট বহন করলেও কখনো নিজেকে কলকাতার চলচ্চিত্র অঙ্গনের বাইরের মানুষ বলে মনে হয়নি।
অভিনেত্রীর ভাষায়, ‘এতদিন ধরে এখানে কাজ করছি, কোনোভাবেই মনে হয়নি আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। এখানকার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক ও দর্শক আমাকে একই রকম ভালোবাসা দিয়েছেন। যদি এখানকার বাসিন্দাও হতাম, সম্ভবত একই পরিমাণ কাজই করতাম।’তিনি আরও বলেন, ‘বাংলা সিনেমার দর্শকদের জন্যই আমি কাজ করি। আমার মতো করে এই ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া অর্ধাঙ্গিনী সিনেমায় ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে আজও অর্ধাঙ্গিনী। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়