প্রতিদিনের ডেস্ক
পৃথিবীতে বিদ্যমান পোকামাকড়ের অধিকাংশ প্রজাতিই এখনো বিজ্ঞানীদের অজানা বলে নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকদের দাবি, বর্তমানে আনুষ্ঠানিকভাবে শনাক্ত প্রজাতির সংখ্যা প্রায় ১০ লাখ হলেও প্রকৃত সংখ্যা প্রায় ২ কোটিতে পৌঁছাতে পারে। সোমবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত গবেষণায় বলা হয়, এতদিন বিজ্ঞানীরা পৃথিবীতে প্রায় ৬০ লাখ প্রজাতির পোকামাকড় রয়েছে বলে ধারণা করতেন। তবে নতুন পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বজুড়ে পোকামাকড়ের মোট প্রজাতির সংখ্যা ১ কোটি ৩০ লাখ থেকে প্রায় ২ কোটি ৫০ লাখের মধ্যে হতে পারে। এর মধ্যম হিসাব প্রায় ২ কোটি। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস এ প্রকাশিত গবেষণাটি কোস্টারিকার গুয়ানাকাস্তে ন্যাশনাল পার্কে পরিচালিত পোকামাকড় জরিপের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্যারাসিটয়েড বোলতার ওপর, যা অন্য পোকামাকড়ের শরীরে ডিম পাড়ার জন্য পরিচিত। গবেষকরা ফাঁদে ধরা পোকামাকড় এবং পরজীবী আক্রান্ত শুঁয়োপোকার তথ্য বিশ্লেষণ করে দেখেন, বিভিন্ন জরিপ পদ্ধতিতে শনাক্ত হওয়া প্রজাতির মধ্যে মিল খুবই কম। এতে বোঝা যায়, ব্যাপক নমুনা সংগ্রহের পরও স্থানীয় জীববৈচিত্র্যের বড় একটি অংশ অজানাই থেকে যাচ্ছে। সূত্র: আনাদলু এজেন্সি
