মাজাহারুল ইসলাম মিঠুন, পাইকগাছা
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবাইদুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবাইদুল্লাহ ওই গ্রামের কৃষক মো. রফিকুল সরদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পানির মোটরের সুইচ দিতে গেলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
