প্রতিদিনের ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ শিশু।বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩১ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৯৬৫ শিশু। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২ জন, আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১২ হাজার ২৮৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন হাসপাতাল ছেড়েছে।
