টেইলর সুইফটের বিয়ের উৎসব শুরু

প্রতিদিনের ডেস্ক:
বিশ্বসংগীতের তারকা টেইলর সুইফট ও মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে জল্পনা যেন শেষই হচ্ছে না। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসতে যাচ্ছে এই বহুল আলোচিত আয়োজন।যদিও এখন পর্যন্ত বিয়ের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি এই তারকা জুটি।এদিকে, কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিক আয়োজনের আগেই টেইলর ও ট্রাভিস আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছেন।
রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’-এর তথ্য উল্লেখ করে বলা হয়, ঘনিষ্ঠ কয়েকজন স্বজনকে নিয়ে তারা ব্যক্তিগতভাবে বিয়ের শপথ বিনিময় করেছেন। তবে ঠিক কবে বা কোথায় সেই অনুষ্ঠান হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
নিউইয়র্ক সিটির প্রকাশিত একটি বিশেষ ইভেন্ট পারমিটে ‘স্পেশাল ইভেন্ট অ্যাট এমএসজি’-এর সূচিও উল্লেখ রয়েছে। সেখানে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ১০০ অতিথিকে নিয়ে একটি ‘প্রি-পার্টি সেলিব্রেশন’ বা রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়েছে। এরপর রাতভর ভেন্যুর আশপাশের সড়ক বন্ধ রাখা হবে।
শুক্রবার বিকেল থেকে ম্যাডিসন স্কয়ার গার্ডেনসংলগ্ন কয়েকটি সড়কে যান চলাচল সীমিত থাকবে।পথচারীদের চলাচলেও আংশিক বিধিনিষেধ থাকবে এবং কাছের পেন স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।পারমিট অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে ‘মেইন ইভেন্ট’, যা শনিবার ভোর পর্যন্ত চলতে পারে।
এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই ভেন্যুর বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক দিন ধরেই সেখানে সাজসজ্জার সামগ্রী, ক্যাটারিং সরঞ্জাম ও অন্যান্য উপকরণ পৌঁছাতে দেখা গেছে। পাশাপাশি অস্থায়ী কাঠামো নির্মাণ ও নিরাপত্তা বেষ্টনীও তৈরি করা হয়েছে।গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন গিগি হাদিদ, কারা ডেলিভিন, সেলেনা গোমেজ, জো ক্রাভিৎসসহ বিনোদন অঙ্গনের পরিচিত মুখ এবং ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের কয়েকজন সতীর্থ।নিউইয়র্কের বাসিন্দা অ্যালিসা হেইনেন এএফপিকে বলেন, টেইলর সুইফটের ভক্তদের কাছে এই আয়োজন অনেকটা ‘রাজকীয় বিয়ে’র মতো। তার ভাষায়, ‘তিনি আমেরিকার সবচেয়ে বড় তারকা। আমাদের কাছে তিনি যেন রাজপরিবারেরই একজন।’এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদযাপন, স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তির প্রস্তুতি এবং চলমান ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচ—সব মিলিয়ে ব্যস্ত এক সপ্তাহান্তে এই আয়োজন ঘিরে নিউইয়র্কে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানীও এক সংবাদ সম্মেলনে বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ টেনে বলেন, ‘যদি কেউ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করে থাকেন, তাহলে তারা ঘরের ভেতরেই থাকবেন এবং গরম থেকেও নিরাপদ থাকবেন। শহরের অন্যদের জন্যও এটি ভালো একটি উদাহরণ।’
তবে সব জল্পনা-কল্পনার মাঝেও টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি—কেউই এখন পর্যন্ত বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়