নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১৫ অক্টোবর ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ জুলাই) প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে প্রধান নির্বাচন কমিশনার এবং সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম ও বিশিষ্ট আইনজীবী-সমাজকর্মী অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুলকে নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। এছাড়া সভায় প্রেসক্লাব যশোরে নতুন সদস্যপদ প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শর্ত পূরণ সাপেক্ষে আগামী ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করা যাবে।আবেদনপত্র সংগ্রহের শেষ তারিখ ১৫ জুলাই। আগামী ১৫ থেকে ১৮ জুলাই অফিস চলাকালীন সময়ে পূরণকৃত আবেদনপত্র জমা দিতে হবে। সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ ও আব্দুল ওয়াহাব মুকুল।
