জুলাই আন্দোলন একক ব্যক্তির ছিল না: ইশরাক

প্রতিদিনের ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘‘জুলাই-আগস্টের আন্দোলন কোনো একক ব্যক্তির আন্দোলন ছিল না, এখানে ছাত্ররা ছিল, শ্রমিকরা ছিল, রিকশাচালকরা ছিল, ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিল, স্কুলপড়ুয়া শিশুরা ছিল, মা ছিল, বাবা ছিল এবং কোটি কোটি সাধারণ মানুষ ছিল।”শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ‘‘এটি ছিল গণমানুষের আন্দোলন, বিবেকের আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন।’’ তিনি বলেন, ‘‘যারা বিশ্বাস করেছিলেন একদিন বাংলাদেশ আরও ভালো হবে, তাদের অনেকেরই সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল। তারা চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী কিংবা উদ্যোক্তা হতে পারতেন, বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারতেন। কিন্তু দেশের সামনে ন্যায়-অন্যায়ের প্রশ্ন এসে দাঁড়ালে তারা নিজেদের ভবিষ্যতের আগে দেশের ভবিষ্যৎ বেছে নেন। এই আত্মত্যাগের ইতিহাস একটি সাহসী জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে।’’আন্দোলনে আহতদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘আজ এই অনুষ্ঠানে এমন অনেক মানুষ আছেন, যাদের শরীরে এখনো সেই সংগ্রামের ক্ষতচিহ্ন বহমান। কারও হাত নেই, কারও পা নেই, কারও চোখের আলো নিভে গেছে। কিন্তু তাদের হৃদয়ের আলো নিভে যায়নি।’’ তিনি আরও বলেন, ‘‘জুলাই আমাদের শিখিয়েছে—ভয় নয়, সাহস ইতিহাস বদলায়; নীরবতা নয়, প্রতিরোধকারীরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়; আর বিভক্তি নয়, ঐক্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি।’’ তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে মানুষের মর্যাদা থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, ভিন্নমত প্রকাশ কোনো অপরাধ হবে না, আইনের শাসন সবার জন্য সমান হবে এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।সম্মেলনে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা অংশ নিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়