প্রতিদিনের ডেস্ক
উপসাগরীয় অঞ্চলে শত শত জাহাজে কর্মরত প্রায় ৬ হাজার নাবিক এখনো আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ। তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। গত দুই দিনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একাধিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে ডোমিঙ্গেজ বলেন, এসব হামলায় নিরীহ নাবিকদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। নাবিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত উল্লেখ করে এক বিবৃতিতে তিনি বলেন, ‘শুধু নিজের দায়িত্ব পালন করার কারণে কোনো নাবিকের জীবন ঝুঁকির মধ্যে পড়া উচিত নয়।’ পতাকাবাহী রাষ্ট্র, জাহাজের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে আইএমও প্রধান বলেন, ‘নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এড়িয়ে চলা উচিত।’ ডোমিঙ্গেজ আরো বলেন, সাম্প্রতিক হামলাগুলো উপসাগরে আটকে থাকা প্রায় ৬ হাজার নাবিকের মধ্যে আগে থেকেই থাকা ভয়, অনিশ্চয়তা ও মানসিক চাপ আরো বাড়িয়ে দিয়েছে।
