প্রতিদিনের ডেস্ক:
তাকে হত্যার চেষ্টা করলেই প্রস্তুত করে রাখা এক হাজার মিসাইল (ক্ষেপণাস্ত্র) হামলা চালিয়ে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এমন মন্তব্য করেন।ওই পোস্টে ট্রাম্প লেখেন, ১০০০ মিসাইল ইরানের দিকে তাক করে প্রস্তুত করে রাখা হয়েছে। এর পরে আরও হাজার হাজার প্রস্তুত আছে। ইরানের সরকার বিশ্বের যে কোনো প্রান্তে আমেরিকার প্রেসিডেন্ট, যে কি না আমি, তাকে হত্যা বা হত্যার চেষ্টা করলেই তাদের দিকে এগুলো ছোড়া হবে।তিনি আরও লেখেন, এরইমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছি। আমেরিকান বাহিনীও প্রস্তুত এক বছর সময়ের মধ্যে ইরানের সব এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস করতে।এর আগে, শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তার মৃত্যু হলে কীভাবে ইরানকে জবাব দিতে হবে সে সম্পর্কে তিনি সামরিক বাহিনীকে বিস্তারিত নির্দেশনা দিয়ে গেছেন।ট্রাম্প বলেন, নির্দেশ দিয়ে দিয়েছি, যদি কিছু হয়, তাহলে তাদের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি।এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর গত মঙ্গলবার ও বুধবারেই আমেরিকা ইরানে তাদের সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরানও।হরমুজ প্রণালিতে সম্প্রতি তিনটি জ্বালানি ট্যাংকার হামলার শিকার হওয়ার পর সংঘাতে জড়ায় দুই দেশ। ট্যাংকারে হামলার ঘটনাকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে অ্যাখ্যা দিয়েছে ওয়াশিংটন।হরমুজে তিনটি জাহাজ হামলার শিকার হওয়ার পর আর কোনো জাহাজে হামলা করবে না- এমন প্রতিশ্রুতি ইরানকে দিতে হবে বলে দাবি করেন আমেরিকার কর্মকর্তারা।এসব ঘটনার পর বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় ট্রাম্পকে হত্যা করা হতে পারে এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছে ইসরায়েল।অবশ্য ইসরায়েলের এ দাবিকে উপহাস করে ট্রাম্প বলেন, ইসরায়েল নির্দিষ্ট কোনো তথ্যই দিতে পারেনি। আমি তাদের (ইরানের) লিস্টে অনেকদিন ধরেই আছি।
