প্রতিদিনের ডেস্ক:
জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইবরার টিপুর একটি ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে গত দুদিন ধরে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রিয় শিল্পীর চেনা চেহারার এমন আকস্মিক ও নাটকীয় পরিবর্তন দেখে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অবশেষে ভক্তদের সেই সব উৎকণ্ঠা ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে লাইভে এসে কথা বলেছেন স্ত্রী বিন্দু কণা। স্বামীর ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিন্দু কণা বলেন, ‘এটি ইবরার টিপুর প্রোফাইল। আমি ইবরার টিপুর স্ত্রী, বিন্দুক কণা। আসলে ওর বড় কিছু সার্জারি হয়েছে, যে কারণে কথা বলতে এখনো কিছুটা সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে সুস্থ হবে ।’ ‘গতকাল একটি ভিডিও আপলোডের পর অনেকেই খুব দুশ্চিন্তা প্রকাশ করেছেন এবং অনেকেই খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে সবার ফোন রিসিভ করা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। একটু সুস্থ হয়ে উঠলে ও নিজেই ইনশাআল্লাহ সবার সাথে যোগাযোগ করবে।’
দীর্ঘদিন ধরে চলা সেই কঠিন লড়াইয়ের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘মূল বিষয় হচ্ছে, গত প্রায় দুই বছর ধরে ও কিডনি ক্যান্সারের সাথে লড়াই করছিল। আলহামদুলিল্লাহ, ওর সেই কঠিন জার্নিটি এখন শেষ হয়েছে এবং ও এখন সুস্থতার দিকে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন যেন ও পুরোপুরি ভালো হয়ে ওঠে।’
তার কথায়, ‘আমরা আসলে আগে কাউকে বিষয়টি জানাতে চাইনি, কারণ বুঝতে পারি নাই যে এই জার্নিটা এতটা দীর্ঘ ও কঠিন হবে। কিন্তু গতকাল ও এই চেহারাতেই লাইভে চলে যাওয়ায় আপনারা সবাই বেশ বিভ্রান্ত ও চিন্তিত হয়ে পড়েছেন। অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাইয়া এত শুকিয়ে গেছেন কেন বা চেহারার এমন অবস্থা কেন হয়েছে। মূলত ও একটি বড় লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিল।’শেষে বলেন, ‘তবে আলহামদুলিল্লাহ, ও এখন আগের চেয়ে ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন ও খুব দ্রুত সুস্থ হয়ে আগের সেই ইবরার টিপু হিসেবে আপনাদের সবার মাঝে ফিরে আসতে পারে।’
