প্রতিদিনের ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। শনিবার (১১ জুলাই) রাতে ফল প্রকাশ করা হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফল প্রকাশের ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল জানতে পারবেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ৬৪৭টি পরীক্ষাকেন্দ্রে এক হাজার ৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন বিভাগের মোট এক লাখ ৯৭ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৯৩ দশমিক ৫৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।এ ছাড়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ত্রুটি ধরা পড়লে প্রয়োজন অনুযায়ী তা সংশোধন অথবা সম্পূর্ণ ফলাফল বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
