উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর, কয়রাসহ পৃথক তিন স্থান থেকে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে মাংসের পাশাপাশি হরিণের দুটি মাথা ও চামড়া এবং ৮টি পা জব্দ করেছে কোস্ট গার্ড। এ ছাড়া সুন্দরবন থেকে এই হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। তিনি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, খুলনার কয়রার শেকবাড়িয়া নদীসংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অপারেশন কর্মকর্তা।

