উৎপল মণ্ডল,শ্যামনগর
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে কালিঞ্চি খাল পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।২৯ এপ্রিল(মঙ্গলবার) ইসলামিক রিলিফের সহায়তায় উপজেলার রমজান নগর ইউনিয়নের কালিঞ্চি খাল পুনঃখননের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রনী খাতুন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন খান, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল, প্রোগ্রাম বিভাগের প্রধান এনামুল হক, রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সহ খাল ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততার বিস্তার, পানি সংকট এবং কৃষি উৎপাদন হ্রাসের মতো জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় খাল পুনঃখননের উদ্যোগ নিয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছে। এবং স্থানীয় জনগণ প্রায় ৩ লাখ টাকা অবদান রাখছে কাঠের সেতু নির্মাণের জন্য। নতুনভাবে পুনঃখননকৃত খালটি বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণ করবে, ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নে সহায়তা করবে এবং খরার সময় সেচের জন্য পানি সরবরাহ নিশ্চিত করবে। এর মাধ্যমে পার্শ্ববর্তী এলাকার ১০ হাজারের বেশি মানুষ কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবেন। একইসঙ্গে খালটি লবণাক্ততা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এবং পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান প্রদান করবে। এছাড়া, খালের ওপর নির্মিতব্য কাঠের সেতু দু’পাড়ের মানুষের যোগাযোগ ও যাতায়াত সহজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, “আজকের উদ্বোধন কেবল একটি খাল পুনঃখননের নয়; এটি শ্যামনগরের জনগণকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী করে তুলবে। আমরা তাদের পাশে থাকতে পেরে গর্বিত।”ইউএনও রনী খাতুন বলেন, “কমিউনিটি নেতৃত্বাধীন পরিকল্পনা ও উন্নয়ন সংস্থার কারিগরি এবং আর্থিক সহায়তার সমন্বয়ে বাস্তব পরিবর্তন সম্ভব হয়েছে। এ উদ্যোগ স্থানীয় জনগণের চাহিদার প্রতিফলন।”
