কেশবপুরে মারপিটে যুবদল কর্মীর মৃত্যুর অভিযোগ

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবদল কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৮ জুন) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত উপজেলার বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে ও স্থানীয় যুবদলের কর্মী। এ ঘটনায় পুলিশ তিনজকে গ্রেফতার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে পাওনা টাকাকে কেন্দ্র করে বরণডালি গ্রামের মনিরুল ইসলাম ও রেজা হাসান সবুজের লোকজনের মধ্যে কথাকাটির একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে মনিরুল ইসলাম, কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মনিরুল ইসলাম মারা যান। এ ঘটনায় পুলিশ বরণডালি গ্রামের রেজা হাসান সবুজ, লিটন হোসেন ও মশিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে। চিংড়া পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন বলেন, ‘ঘটনা উল্লেখ করে নিহত মনিরুল ইসলামের ভাই মিজানুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’ কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, ‘মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়