প্রতিদিনের ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে যত বেশি মনোযোগ আকর্ষণ করছে, গাজা পরিস্থিতি ততটাই আড়ালে পড়ে যাচ্ছে। এ অবস্থায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার (১৯ জুন) বিমান হামলা ও গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের ওপর হামলা চালানোর ঘটনাও ঘটেছে দিনের বিভিন্ন সময়ে। গাজার মধ্যাঞ্চলে সালাউদ্দিন সড়কে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। সেখানেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান অন্তত ১৪ জন। এ ঘটনায় প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, এলাকাটি সক্রিয় যুদ্ধক্ষেত্র হিসেবে বহুবার চিহ্নিত করে সতর্কতা দেওয়া হয়েছিল।
সেনাদের দিকে লোকজন অগ্রসর হওয়ায় তারা ‘সতর্কতামূলক’ গুলি ছোড়ে। তবে এতে হতাহতের বিষয়টি তাদের জানা নেই বলে দাবি করেছে আইডিএফ। এ ছাড়া বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে জানানো হয়, মাঘাজি শরণার্থীশিবির, জেইতুন এবং গাজা শহরের কিছু এলাকায় ঘনবসতিপূর্ণ বাড়িঘর লক্ষ্য করে চালানো বিমান হামলায় মারা গেছেন অন্তত ২১ জন। দক্ষিণ গাজার খান ইউনিসের একটি শিবিরেও বোমাবর্ষণে নিহত হয়েছেন ৫ জন। এদিকে গাজার সাধারণ মানুষের অভিযোগ, ইরান-ইসরায়েল উত্তেজনার পেছনে ঢাকা পড়ে যাচ্ছে তাদের করুণ বাস্তবতা।

