বিতর্কিত কাণ্ড করে শাস্তির মুখে ভারতের সহ-অধিনায়ক!

প্রতিদিনের ডেস্ক॥
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্ত। আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্য অসন্তোষ দেখিয়ে তিনি আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পন্তকে শাস্তির মুখোমুখি হওয়া লাগতে পারে। ঘটনাটি ঘটে ম্যাচের ৬১তম ওভারে।
মোহাম্মদ সিরাজের করা ওভারের পঞ্চম বলে হ্যারি ব্রুক একটি বাউন্ডারি হাঁকানোর পর পন্ত বলের অবস্থা নিয়ে আপত্তি জানান এবং আম্পায়ার পল রাইফেলের কাছে বল বদলের আবেদন করেন। রাইফেল গজ দিয়ে বল পরীক্ষা করে জানান, বলে কোনো সমস্যা নেই। কিন্তু তাতে সন্তুষ্ট হননি পন্ত। তিনি একাধিকবার বল বদলের অনুরোধ করতে থাকেন।শেষ পর্যন্ত আবেদন প্রত্যাখ্যাত হলে পন্ত বিরক্তি প্রকাশ করে বলটি ব্যাকহ্যান্ডে মাটিতে ছুঁড়ে দেন এবং সেখান থেকে সরে দাঁড়ান।
পন্তের এই আচরণ আইসিসির আচরণবিধির দুটি ধারায় পড়তে পারে:
ধারা ২.৮ – আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ: এটি লেভেল ১ বা ২ পর্যায়ের অপরাধ হতে পারে। সাবধারা (a) অনুযায়ী অতিরিক্ত হতাশা প্রকাশ এবং (h) অনুযায়ী দীর্ঘ আলোচনায় জড়ানো—এই দুই দিক থেকেই অপরাধ প্রমাণিত হতে পারে। লেভেল ১ অপরাধে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট।লেভেল ২ হলে ম্যাচ ফির ৫০–১০০ শতাংশ কাটা এবং এক টেস্ট বা দুটি ওয়ানডে নিষেধাজ্ঞা। ধারা ২.৯ –আম্পায়ারের দিকে বা তার কাছে উদ্দেশ্যহীনভাবে বল ছুঁড়ে মারা। এটিও লেভেল ১ বা ২ অপরাধ হিসেবে বিবেচিত হয়।ঘটনার পরপরই পরবর্তী ওভারে আম্পায়ারদের বল পরীক্ষা করতে দেখা যায় এবং শুবমান গিল ও যশপ্রীত বুমরাহকেও আম্পায়ারদের সঙ্গে আলোচনায় জড়াতে দেখা যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়