প্রতিদিনের ডেস্ক॥
ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গারনাচোর ভবিষ্যৎ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে অ্যাস্টন ভিলার জার্সি গায়ে দিয়ে, যার পেছনে লেখা ছিল সতীর্থ মার্কাস রাশফোর্ডের নাম—এমন ছবি পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ২০ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ একে ‘শিশুসুলভ স্টান্ট’ বললেও, অনেকেই বলছেন—এটি আসলে ক্লাব ছাড়ার এক ধরনের বার্তা।ক্লাবের ভেতরের সূত্রে জানা গেছে, গারনাচোর এমন কাজ ম্যানচেস্টার ইউনাইটেডের সিদ্ধান্তকে আরো স্পষ্ট করেছে—তাকে দ্রুতই বিক্রি করতে চায় রেড ডেভিলসরা।
গারনাচোর সঙ্গে কোচ রুবেন আমোরিমের সম্পর্ক আগে থেকেই ভালো নয়। গত মৌসুমের ইউরোপা লিগ ফাইনালে টটেনহামের বিপক্ষে একাদশে রাখা হয়নি গারনাচোকে, যেটি নিয়ে তিনি ম্যাচের পর মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সেসময় নাকি ড্রেসিংরুমেও কোচের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
খবর অনুযায়ী, আমোরিম তখন বলেন, ‘তোমার এখন একটাই কাজ—প্রার্থনা করা, যেন কেউ তোমাকে কিনে নেয়।’ভিলার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে গারনাচোকে স্কোয়াডেই রাখেননি কোচ। তার সঙ্গিনী ইভা গার্সিয়া ইনস্টাগ্রামে ছেলের ইউনাইটেড জার্সির ছবি দিয়ে লেখেন, ‘শেষ ম্যাচ’—যা কার্যত ক্লাব ছাড়ার ঘোষণাই ধরে নিচ্ছেন অনেকে।গারনাচোর দাম হিসেবে ইউনাইটেড প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড চাইলেও বাস্তবতা বলছে, রুবেন আমোরিমের সঙ্গে তার সম্পর্ক খারাপ হওয়া এবং ক্লাবের তাকে বিক্রি করতে চাওয়ার খবর বাইরে ছড়িয়ে পড়ায় ওই পরিমাণ দাম পাওয়া কঠিন।
বরং ৪০ মিলিয়নের মতো একটি মূল্যেই গারনাচোকে বিক্রি করে দেয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, মার্কাস রাশফোর্ডকেও বিক্রির তালিকায় রেখেছে ইউনাইটেড। যদিও তার ৩ লাখ পাউন্ড সাপ্তাহিক বেতন অনেক ক্লাবের জন্যই বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে আরেকটি লোন ট্রান্সফারই হতে পারে তার পরবর্তী গন্তব্য, সম্ভবত আবারও অ্যাস্টন ভিলায়।

