২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইলেকট্রিক মিস্ত্রির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী যশোর এমএম কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তিনি পড়াশোনার কারণে যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। প্রায় সাত মাস আগে তার বাসায় ইলেকট্রিকের কাজ করতে এসে আসামি ইদ্রিস আলী ওরফে শাওনের (৪৫), পিতা-লিয়াকত আলী, ঠিকানা যশোর শহরের খড়কী স্টেডিয়ামপাড়া, সঙ্গে পরিচয় হয়। অভিযোগে উল্লেখ করা হয়, পরিচয়ের সুযোগ নিয়ে আসামি কৌশলে ছাত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ শুরু করেন। কিছুদিনের মধ্যে আসামি প্রেমের প্রস্তাব ও অশালীন আচরণ করতে শুরু করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে মানসিকভাবে প্রভাবিত করে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। গত ১৪ জুন সন্ধ্যায় সার্কিট হাউজ পাড়ার সোবাহান কমপ্লেক্সের নিচতলায় এবং ১৭ জুন সকালে শহরের পিটিআই স্কুলের পাশের একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে আসামি ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিয়ের কথা তুললে আসামি নানা অজুহাত দিতে থাকেন এবং পরে জানিয়ে দেন, তিনি বিয়ে করবেন না। ভুক্তভোগী ছাত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এজাহারটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়