নিজস্ব প্রতিবেদক
যশোরে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজহারুল ইসলাম। জেলা খাদ্য কর্মকর্তার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ভোক্তা অধিদপ্তর যশোরের উপ পরিচালক সেলিমুজ্জামান প্রমুখ। ১২ টি ডিলার পয়েন্টের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে পূর্ব বারান্দিপাড়ায় যাচাই বাছাইয়ের পর ২১ টি আবেদন পত্রের মধ্যে লটারি করা হয়। লটারিতে কামরুল হাসান টুটুল ডিলার হিসেবে মনোনিত হয়। ২ নম্বর ওয়ার্ডে খালধার রোড এলাকায় ১৫ টি আবেদনের প্রেক্ষিতে লটারি জিতে শেখ আলী আকবর। ৩ নম্বর ওয়ার্ডে ঘোপ সেন্টার রোড এলাকার রাজুর মোড়ে ১৩ টি আবেদনের মধ্যে ইব্রাহিম হোসেন ও বউ বাজার এলাকায় ৯ টি আবেদনের মধ্যে বাবর আলী লটারিতে বিজয় হয়। ৪ নম্বর ওয়ার্ডে কাঁঠালতলা এলাকায় ১৪ টি আবেদনের মধ্যে সালমা ইসলাম ডিলার মনোনীত হয়। ৫ নম্বর ওয়ার্ডে এম এম কলেজ এলাকা কেন্দ্রে ১৮ টি আবেদনের মধ্যে হাশেম আলী, ৬ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় ১১ টি আবেদনের মধ্যে ইয়াছিন আলী, ৯ নম্বর ওয়ার্ডে ১৫ টি আবেদনের মধ্যে এটি এম মইনুল ইসলাম লটারিতে ডিলার মনোনীত হয়।
এছাড়া, ৬ নম্বর ওয়ার্ডের পিটিআই রোড কেন্দ্র এলাকা, ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক এলাকা কেন্দ্র, ৮ নম্বর ওয়ার্ড ও বিসিক কেন্দ্র এলাকায় উপস্থিত ব্যক্তিবর্গের আপত্তির ফলে ডিলার নিয়োগ স্থগিত করা হয়। উপস্থিত ব্যক্তিরা এই ওয়ার্ডগুলোতে আ’লীগের দোসরা আবেদন করেছে বা থাকতে পারে এমন অভিযোগ তুলে ধরেন। এর আগে লটারি শুরুর আগে কয়েকজনকে আ’লীগের রাজনীতির সাথে জড়িত অভিযোগ তুলে হল রুম থেকে বের করে দেন উপস্থিত ব্যক্তিদের মধ্যে কয়েকজন। এসময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, স্থগিত ওয়ার্ডগুলোতে পরবর্তীতে যাচাই বাছাই করে ডিলার নিয়োগ করা হবে।
