প্রতিদিনের ডেস্ক
জুন মাসে দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী হিনা খান। কিন্তু সেই বিয়ে নাকি আদতে চুক্তির বিয়ে! এমন অভিযোগেরই কড়া জবাব দিলেন হিনা। বিয়ের মাস খানেকের মধ্যেই ‘পতি-পত্নী ও পঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শো’তে যোগ দিয়েছেন হিনা। নাম শুনেই বোঝা যাচ্ছে স্বামী-স্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে জুটিতে রয়েছেন তারকা দম্পতি। এই শোকে ঘিরেই অনেকে বলাবলি শুরু করেছেন, এই শোয়ের জন্যই নাকি বিয়ে করেছেন তারা! হিনা এবার জানালেন, বিয়েটি হয়ে যাওয়ার কথা ছিল গত বছর। তার কথায়, আমার অসুস্থতার জন্য বিয়েটা পিছিয়ে যায়। কিন্তু শোয়ের নির্মাতারা আমাদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই নিতে চেয়েছিলেন। কিন্তু শোয়ের নাম- ‘পতি-পত্নী ও পঙ্গা’, তাই প্রেমিক-প্রেমিকা হয়ে আসতে চাইনি। সুতরাং যারা আজেবাজে বকছেন, তারা একটু চুপ থাকুন। না জেনে কথা বলবেন না। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানান হিনা। যদিও সে রোগ কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না অভিনেত্রীকে। অসুস্থতাকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
