৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মাহবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। শোভাযাত্রার শুরুতে শঙ্খ ধ্বনি, উলুধ্বনি, নাম সংকীর্তন ও ব্যান্ড বাদ্য করতাল বাজিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক দক্ষিণ প্রদক্ষিণ করে। পরে কালিগঞ্জ ফুলতলা মোড়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক মিলন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডা: শহিদুল আলম, সম্মানিত অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার, ওসি হাফিজুর রহমান, নলতা কালীমাতা মন্দির এর পুরোহিত সঞ্জয় চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণপদ সরকার, সহ-সভাপতি রনজিত সরকার, কালিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন, ডা. রামপ্রসাদ, তপন কুমার, বিশ্বজিৎ ঘরামি প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষিকা কলিকা সরকার ভজন সংগীত পরিবেশন করেন কানন বালা ও রুদ্রনীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মিলন কুমার ঘোষ ও কমিটির সদস্য রণজিৎ সরকার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়