প্রতিদিনের ডেস্ক
জনপ্রিয় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ইন্ডাস্ট্রিতে আরও একটি কারণে বেশ পরিচিত তিনি। সেটি হলো এই অভিনেত্রী বলিউড কিংবদন্তি শ্রীদেবীর মেয়ে। ইতোমধ্যে একাধিক ছবিতে কাজ করে নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করেছেন জাহ্নবী কাপুর। এবার ‘পরম সুন্দরী’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। ছবিটি চলতি মাসের ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমায় জাহ্নবীর সহ-শিল্পী হিসেবে আছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা। তবে মুক্তির আগে দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটিকে ঘিরে বিতর্কের তৈরি হয়েছে।


ছবিতে গির্জার মধ্যে জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রার ঘনিষ্ঠ হওয়ার একটি দৃশ্য আছে। আর এই দৃশ্যটি নিয়েই ভারতের এক খ্রিষ্টান গোষ্ঠী বেশ চটেছে। এমনকি অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে তারা আইনি নোটিশও পাঠিয়েছে। পাশাপাশি গোষ্ঠীটি দেশটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন, মুম্বাই পুলিশ, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় ও মহারাষ্ট্র সরকারকে এ বিষয়ে চিঠিও পাঠিয়েছে। তবে শুধু সিনেমা থেকে নয়, তারা সিনেমার ট্রেলার এবং প্রচারণামূলক ভিডিও থেকে দৃশ্যটি সরানোর দাবি জানিয়েছে। 
ওয়াচডগ ফাউন্ডেশনের আইনজীবী গডফ্রে পিমেন্টা এ প্রসঙ্গে বলেন, ‘১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইনের অধীনে প্রতিষ্ঠিত সিবিএফসি ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং শিল্পের প্রকাশের ওপর বিবেচনা করে এই একটি সিনেমাকে সার্টিফিকেশন দেওয়ার দায়িত্বে রয়েছে। গির্জা খ্রিষ্টানদের জন্য একটি পবিত্র উপাসনালয়। এটিকে অশ্লীল বিষয়বস্তুর মঞ্চ হিসেবে চিত্রিত করা উচিত নয়।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘এই চিত্রায়ণ কেবল ধর্মীয় উপাসনালয়ের আধ্যাত্মিক পবিত্রতাকেই অসম্মান করে না, ক্যাথলিক সম্প্রদায়ের সংবেদনশীলতাকেও

গভীরভাবে আঘাত করে। ছবি থেকে যদি দৃশ্যটি অপসারণ না করা হয়, তাহলে আগামী দিনে কড়া ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করা হবে।’ প্রসঙ্গত, এই ছবিতে দুই ভিন্ন ধর্মের দুই মানুষের প্রেমকাহিনি তুলে ধরা হবে। এখানে সিদ্ধার্থ একজন দিল্লির ছেলে এবং জাহ্নবী একজন কেরালার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় সিদ্ধার্থ, জাহ্নবীসহ রাজীব খান্ডেলওয়াল এবং আকাশ দাহিয়াকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

