২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নির্বাচন অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে যশোরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে যশোর-৩ (সদর) ও যশোর-৬ (কেশবপুর) আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, নির্বাচন অফিস ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছায়। সেখানে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে অফিস ঘেরাও করেন। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল যশোর-৬ আসনের সীমানা পুনর্গঠনের আবেদন করেন। তার প্রস্তাবে অভয়নগর উপজেলা, মণিরামপুরের ছয়টি ইউনিয়ন ও কেশবপুরের তিনটি ইউনিয়নকে যশোর-৬ আসনে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। যুক্তি হিসেবে তিনি ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান ও সমন্বিত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তবে এ পরিবর্তনের ফলে যশোর-৩ আসনের পাঁচটি ইউনিয়ন বাদ পড়তে পারে, এমন আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে। ইতিহাস-ঐতিহ্য ভেঙে সীমানা পরিবর্তনের অপচেষ্টা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরও জানান, বিএনপি এই প্রক্রিয়ার বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবে লড়াই চালাবে। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা চেম্বার অব কমার্স সভাপতি মিজানুর রহমান খানসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়