নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে এসি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের রেলরোড এলাকার জনি কাবাব ঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ যশোর শহরের পুরাতন কসবা পুলিশ লাইন কদমতলা এলাকার বাসিন্দা। তিনি এসি মেরামতের কাজ করতেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জনি কাবাব ঘরের এসিতে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ ছিল। কিন্তু আরিফ বিষয়টি বুঝতে না পেরে সরাসরি মেরামতের চেষ্টা করেন। এ সময় হঠাৎ করেই তীব্র বৈদ্যুতিক শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত সহকর্মীরা চিৎকার করলে সঙ্গে থাকা সহযোগী জাফর দ্রুত দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, এসি মেরামতের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন না করায় এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকার মানুষ হতবাক হয়ে পড়েন। এদিকে হাসপাতাল সূত্র জানায়, আরিফ হাসপাতালে আনার আগেই মারা যান। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অপ্রত্যাশিত এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংশ্লিষ্ট কাজের সময় যথাযথ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

