প্রতিদিনের ডেস্ক
ঘরের মাঠ আজিনোমোতো স্টেডিয়ামে ইতিহাস গড়েছে জাপান। প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়ে। প্রীতি ম্যাচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছে এশিয়ার পরাশক্তিরা। ব্রাজিলের বিপক্ষে প্রথম জয় পেতে ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছে। ১৯৮৯ সালে প্রথম দেখায় ১-০ গোলে হেরেছিল জাপান। ম্যাচের হিসেবে ১৪তম ম্যাচে জয় পেয়েছে জাপান। এর আগে তাকুমি মিনামিনো-তাকেফুসো কুবোদের সাফল্য বলতে ব্রাজিলের বিপক্ষে ২ ড্রয় ছিল। অথচ, কোচ কার্লোস আনচেলত্তির অধীনে উড়ছিল ব্রাজিল। সর্বশেষ ম্যাচেই তো দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল সেলেসাওরা। আজও দুর্দান্ত শুরু পায় তারা। প্রথমার্ধে ২ গোলের লিড নিয়ে বিরতিতে গিয়েছিল। সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র-ব্রুনো গুইমারেসদের পায়ে ব্রাজিলের পুরোনোর দিনের ছন্দও দেখা গিয়েছিল। বিশেষ করে প্রথম গোলটায়। ২৬ মিনিটে সতীর্থর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে দুর্দান্ত এক পাস বাড়ান গুইমারেস। ডান প্রান্তের রক্ষণভাগ থেকে আক্রমণে যাওয়া পাওলো এনরিকের বল খুঁজে নিল জাপানের জাল। সেই উদযাপন শেষ হতে না হতেই দ্বিতীয় গোলের দেখা পায় সেলেসাওরা। এবার হলুদবাহিনীদের উদযাপনের মধ্যেমণি গ্যাব্রিয়েল মার্তিনেলি। ৩২ মিনিটে চিপ করে জাপানের ডি-বক্সে বল বাড়ান লুকাস পাকেতা। তা থেকে হাফ-ভলির মতো শটে জাপানের গোলরক্ষককে পরাস্ত করেন আর্সেনালের স্ট্রাইকার মার্তিনেলি। পরে আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল। প্রথম গোল অবশ্য জাপানেরই পাওয়ার কথা ছিল। কিন্তু বাঁ প্রান্তের গোলপোস্ট ঘেঁষে থাকলেও সতীর্থর ক্রসকে ট্যাপ করে জালে রাখতে পারেননি আয়াসে উয়েদা। তখন আফসোসে পুড়লেও পরে তার হেডেই ইতিহাস গড়েছে জাপান। ৭১ মিনিটে কর্নার থেকে গোল করেন তিনি। ব্রাজিলের গোলরক্ষক হুগো সৌজা চেষ্টা করলেও বলকে জাল স্পর্শ করা থেকে বিরত রাখতে পারেননি। এর আগে ব্রাজিলের রক্ষণের ভুলে সমতায়ও ফেরে জাপান। ৬২ মিনিটে কেইতো নাকামুরা গোলবারে শট নিলে তা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই ফেবরিচিও ব্রুনো। তাতে সমতায় ফেরে জাপান। সেন্টার ডিফেন্ডার ব্রুনোর ভুলেই প্রথম গোলটাও হজম করে ব্রাজিল। ৫২ মিনিটে বক্সের মধ্যে সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের স্ট্রাইকার মিনামিনোকে দিয়ে বসেন। গোলরক্ষককে একা পেয়ে জাপানের ফরোয়ার্ড গোল করতে ভুল করেননি। মাঝে ৬৭ মিনিটে ৩-২ লিড নেওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু ম্যাথুস কুনহা জালে বল পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ব্রাজিলের গোল বাতিল হওয়ার পর ৭১ মিনিটে জাপানকে ঐতিহাসিক গোল এনে দেন উয়েদা। তাতে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে ৩-২ গোলে প্রথমবারের মতো ব্রাজিলকে হারায় জাপান।

