জিতল অস্ট্রেলিয়া, ফায়দা তুলল ভারত

প্রতিদিনের ডেস্ক
নিউজিল্যান্ডের মাটিতে সাদা পোশাকে টানা জিতে চলেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে অজিদের বিপক্ষে টানা ষষ্ঠ টেস্টে ঘরের মাঠে হারল কিউইরা। তাও আবার যেনতেন হার নয়, দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি ১৭২ রানে হেরেছে। এর আগে পূর্ণাঙ্গ সিরিজের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকরা। এরপর প্রথম টেস্টেও হেরে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পিছিয়ে গেছে। কিউইদের অবনতিই নয় শুধু, এই সুযোগে ফায়দা তুলেছে ভারতও। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে রোহিত শর্মার দল শীর্ষে ওঠে গেছে। এখন পর্যন্ত ৮ টেস্টে ৫ জয়, ২ হার ও ১ ড্র নিয়ে ৬২ পয়েন্ট পেয়েছে ভারত। তবে সাদা পোশাকের এই চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের অবস্থান নির্ধারিত হয় জয়ের শতাংশ অনুসারে। ভারত নিজেদের ৬৪.৫৮ শতাংশ টেস্ট জেতায় তাদের অবস্থান সবার ওপরে। অজিদের বিপক্ষে ম্যাচে হারের আগে কিউইদের জয় ছিল ৭৫ শতাংশ। তবে এক হারে সেটি নেমে এসেছে ৬০ শতাংশে। দুইয়ে থাকা টিম সাউদির দল পাঁচ টেস্টে ৩ জয় ও ২ হার নিয়ে ৩৬ পয়েন্ট পেয়েছে। ৫৯.০৯ শতাংশ জয় নিয়ে তালিকার তিনে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল আগেও ওই অবস্থানেই ছিল। ১১ টেস্টের মধ্যে ৭ জয়, ১ ড্র ও ৩ ম্যাচে হেরেছে অজিবাহিনী। এদিকে, রোহিতের দল ভারত নিজগুণেও টেস্টে সপ্রতিভ। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজটি ইতোমধ্যে তারা ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে। আগামী ৭ মার্চ থেকে ধর্মশালায় হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। সিরিজ জিতলেও, শেষ ম্যাচটিও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। যদি ভারত এই ম্যাচটি জিততে পারে, তবে তারা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বহাল থাকবে। আবার ইংল্যান্ড জিতলে শতাংশের বিচারে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়ার কাছে অবস্থান হারাতে পারে ভারত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়