১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

গৌরবের বিজয় দিবস আজ

সুন্দর সাহা
আজ ১৬ ডিসেম্বর, বিজয়ের দিন। গৌরবের বিজয় দিবস আজ। আজ ৫৫তম মহান বিজয় দিবস। পরাধীনতার নাগপাশ ছিন্ন করে মুক্ত পাখির মতো মুক্ত আকাশে ওড়ার দিন আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। আমাদের চিরগৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন। ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। এই ডিসেম্বরের কুয়াশা ঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল-সবুজ পতাকা। বাতাসে অনুরণন তুলেছিল অগণিত কণ্ঠের সুর ‘আমার সোনার বাংলা/ আমি তোমায় ভালোবাসি।’ আজকের দিনটি তাই একদিকে যেমন এ দেশের মানুষের কাছে চিরকালের, চিরগৌরব ও আনন্দের; তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনায় নীল। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর ছোবল থেকে মুক্ত হয়েছিল প্রিয় মাতৃভূমি। সমাপ্তি ঘটেছিল বাঙালির ওপর চালানো পাকিস্তানি হানাদারদের নৃশংস নিধনযজ্ঞ। ফলে এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব জানান দেওয়ার দিন। ১৯৪৭ সালে দীর্ঘ প্রায় দুইশত বছর ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত এবং পাকিস্তান নামে দুই রাষ্ট্রের সৃষ্টি হয়। তবে তখনও মুক্তি মেলেনি বাঙালির। সেই ’৪৭ থেকে শুরু হয় বাঙালির নতুন সংগ্রাম। ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫৫ বছর পূর্তির দিন আজ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়ের উল্লাসে ভাসবে পুরো দেশ, আনন্দে উদ্বেলিত হবে পুরো জাতি। দেশের প্রতিটি প্রান্তে নানা আয়োজনে উদযাপন হবে মহান বিজয় দিবস। পাকিস্তানি হানাদার বাহিনী অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান)। যে সব শ্রেষ্ঠ সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পাবে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরও ক্ষমতা হস্তান্তর না করে পশ্চিম পাকিস্তানিরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে। এরই এক পর্যায়ে পাকিস্তানি হানাদার সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষের ওপর চালায় ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়