রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পিতা ও পুত্রকে কুপিয়ে গুরুত জখম করেছে প্রতিপক্ষরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে। আহতরা হলেন লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ ঠাকুর (২২) এবং তার পিতা হুমায়ূন ঠাকুর (৫৩)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লক্ষীপাশা ঢাকা বাস কাউন্টারের সামনে গত শুক্রবার এক ভ্যানচালকের সাথে সোহাগ পরিবহনের কাউন্টারম্যান আব্দুল্লাহ ঠাকুরের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় রাজুপুর গ্রামের হায়াতুর শেখের নেতৃত্বে ২০/২২ জন কাউন্টার এলাকায় এসে আবদুল্লাহ ও রুমানকে মারধর করে। পরে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুল্লাহ ঠাকুর ও তার পিতা হুমায়ুন ঠাকুরকে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষরা। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন,এ ঘটনায় হুমায়ুন ঠাকুরের ভাই আব্দুল মতিন ঠাকুর বাদী হয়ে ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামী রাজুপুর গ্রামের ফারুক শেখের ছেলে হায়াতুর শেখ ও হিরু শেখের ছেলে হামীম শেখকে আটক করা হয়েছে।

