প্রতিদিনের ডেস্ক:
ক্রিকেটে শতক মানেই আলাদা গৌরব। তবে কখনো কখনো মাত্র এক রানের ব্যবধান ব্যাটারকে এনে দেয় অপূর্ণতার আক্ষেপ। বিগ ব্যাশ লিগে সেই তালিকায় এবার যুক্ত হলেন পার্থ স্কর্চার্সের অধিনায়ক অ্যাশটন টার্নার।মঙ্গলবার সিডনি থান্ডারের বিপক্ষে বিগ ব্যাশের ম্যাচে ৪১ বলে অপরাজিত ৯৯ রান করেন টার্নার। আটটি চার ও আটটি ছক্কায় সাজানো এই বিধ্বংসী ইনিংসে তাঁর ৮০ রানই আসে বাউন্ডারি থেকে।শেষ ওভারে ৮৬ রান নিয়ে ব্যাটিং শুরু করেন টার্নার। প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে দ্রুত এগিয়ে যান। তৃতীয় বলে এক রান নিয়ে পৌঁছান ৯৯–এ। তবে পরের তিন বলে আর স্ট্রাইক না পাওয়ায় শতক পূরণের সুযোগ হাতছাড়া হয়। ফলে বিগ ব্যাশে ৯৯ রানে আটকে যাওয়া পঞ্চম ব্যাটার হলেন তিনি।
এর আগে এমন আক্ষেপের ইনিংস খেলেছেন আরও চারজন। ২০১১ সালে মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে রান তাড়ায় ৫২ বলে অপরাজিত ৯৯ করে দলকে জিতিয়ে ফেরেন শন মার্শ। ২০১৭ সালে মেলবোর্ন স্টার্সের হয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে ৫১ বলে ৯৯ রান করে রান আউট হন মার্কাস স্টয়নিস।
২০২১ সালে সিডনি সিক্সার্সের হয়ে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ৯৯ রান করেন জশ ফিলিপ। সর্বশেষ ২০২৩ সালে ব্রিসবেন হিটের হয়ে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ৯৯ রান করেন কলিন মানরো।৩২ বছর বয়সী টার্নারের জন্য এটিই টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। এদিন পাওয়ার প্লের শেষ ওভারে স্কর্চার্স যখন ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে, তখন পাঁচ নম্বরে নামেন তিনি। শুরুতে ধীরগতিতে খেললেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন।
নবম ওভারে গ্রিস গ্রিনকে তিনটি ছক্কা ও একটি চার মারেন টার্নার। লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘাকে ছক্কা হাঁকিয়ে মাত্র ২২ বলে পূর্ণ করেন ফিফটি। ১৯তম ওভারে রিস টপলির বিপক্ষে পরপর চার ও ছক্কা মেরে ছাড়িয়ে যান নিজের আগের সেরা ইনিংস।এর আগে টার্নারের সর্বোচ্চ ইনিংস ছিল ২০২৩ সালে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ৮৪ রান। টার্নারের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৭১ রানের জয় পায় পার্থ স্কর্চার্স।

