৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নদীতে নিখোঁজের ৪ দিন পর লাশ হয়ে ফিরলো খুলনার রাফি

খুলনা প্রতিনিধি
বন্ধুদের হাসি আর স্কুলব্যাগের ভিড়ে যে রাফি প্রতিদিন ছুটে বেড়াত, আজ সে ফিরেছে নিথর দেহ হয়ে। এই বাস্তবতা কেউই সহজে মেনে নিতে পারছে না।
খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। কয়েক দিন ধরে নিখোঁজ থাকার পর শিশুটির এমন করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাফি রূপসা স্ট্যান্ড রোডের ডাক্তার আলতাফ আলী লেনের অ্যাডভোকেট শাহাজাহানের বাড়ির ভাড়াটিয়া রফিক শেখের ছেলে। শুক্রবার (৯ জানুয়ারি) আছরের নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। ওইদিন বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সে রূপসা নদীতে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পরপরই নদীতে খোঁজাখুঁজি শুরু হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টার দিকে লবণচরা থানার রেলব্রিজ এলাকার নদীর মাঝখানে একটি লাশ ভাসতে দেখে তারা বিষয়টি রাফির পরিবারকে জানান। এরপর পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে নদীতে খোঁজ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে রাফির লাশ উদ্ধার করা হয়। রাফির মামা আল আমিন বলেন, শুক্রবার বিকেলে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তার ভাসমান লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌপুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সব প্রক্রিয়া শেষে রাফির লাশ গ্রামের বাড়ি তেরখাদায় নিয়ে দাফন করা হবে। লাশ উদ্ধারের পর ৩০ নম্বর ওয়ার্ড কার্যালয়ের পাশে রাফির মরদেহ রাখা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা রফিকুল শেখ। তাকে সান্ত্বনা দিতে গিয়ে উপস্থিত অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। খবর পেয়ে সেখানে রাফির বন্ধু ও সহপাঠীরাও আসে। কেউ নীরবে দাঁড়িয়ে থাকে, কেউ আবার কান্নায় ভেঙে পড়ে। একসঙ্গে খেলাধুলা করা বন্ধুকে এভাবে দেখতে পেয়ে তাদের চোখে আতঙ্ক আর শূন্যতা ফুটে ওঠে। স্থানীয় বাসিন্দা রেজাউল শেখ বলেন, ঘটনার দিন এশার নামাজের পরও রাফি বাড়িতে না ফিরলে এলাকায় মাইকিং করা হয়। নদীপথে বটিয়াঘাটা পর্যন্ত খোঁজ চালানো হয়, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো এলাকাকে শোকস্তব্ধ করে দিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়