আগামীর বাংলাদেশ গড়তে গণভোট অপরিহার্য: শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক
গণভোট ও আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে ভোটার সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা ও মক ভোটিং ক্যাম্পেইন। সোমবার (১৯ জানুয়ারি) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে আনুষ্ঠানিকভাবে মক ভোটিংয়ের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর সাধারণ মানুষ ও তরুণ সমাজ নতুন করে ভোটের গুরুত্ব অনুধাবন করছে। তিনি বলেন, গণভোট কেবল একটি প্রক্রিয়া নয়, এটি স্বৈরাচার প্রতিরোধ ও একটি নতুন বাংলাদেশের রূপরেখা তৈরির অন্যতম মাধ্যম। উপদেষ্টা বলেন, পৃথিবীর কোথাও একসাথে ভোট ও গণভোট আয়োজনের উদাহরণ নেই, ফলে এটি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তবে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে গণভোটের পক্ষে শক্ত জনমত গড়ে তুলতে হবে এবং এতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশে এখনও দুর্নীতি রয়েছে এবং নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি, যার অন্যতম কার্যকর হাতিয়ার হলো গণভোট। গণভোটের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তবে রাষ্ট্রের সুস্থ পুনর্গঠনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী ও তরুণদের ভূমিকা প্রসঙ্গে শারমীন এস মুরশিদ বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে তরুণ ও নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনে প্রায় ৬৪ শতাংশ অংশগ্রহণ ছিল নারীদের, যা প্রমাণ করে—দেশ রক্ষায় নারীরা বারবার অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব তরুণদের হাতেই থাকবে। সভা শেষে কালেক্টরেট চত্বরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ নিজে মক ভোট প্রদান করে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মক ভোটিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। মতবিনিময় সভায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়