১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সরস্বতী পূজায় শিক্ষাঙ্গনে উৎসবের আমেজ শিক্ষার্থীদের প্রার্থনায় জ্ঞান ও দেশের শান্তি

নিজস্ব প্রতিবেদক
বসন্ত পঞ্চমীর সকালে ঢাক-ঢোল, কাসর-ঘণ্টা আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে যশোরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। জ্ঞানার্জনের পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ কামনায় দেবীর চরণে অঞ্জলি দেন তারা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় যশোর সরকারি মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে সরস্বতী পূজা শুরু হয়। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, সরকারি সিটি কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী ইনস্টিটিউশন, জেলা আইনজীবী ভবন, রামকৃষ্ণ আশ্রম ও মিশন এবং বেজপাড়া পূজা মন্দিরসহ শহরের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে শাস্ত্রীয় বিধান অনুযায়ী পূজা সম্পন্ন হয়। সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে শিক্ষার্থীরা বিদ্যালাভ, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির জন্য প্রার্থনা করেন। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী বহ্নি মন্ডল বলেন, সরস্বতী দেবীর আশীর্বাদে যেন নিজেদের বিদ্যা-বুদ্ধি বৃদ্ধি পায় এবং পড়াশোনার মাধ্যমে সমাজে পরিচিত হতে পারি, সেই প্রার্থনাই করেছি। সরকারি এম এম কলেজের শিক্ষার্থী দিশা বিশ্বাস বলেন, সামনে নির্বাচন। আমরা চাই দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক। পূজার পুরোহিত রামায়ণ শিল্পী উজ্জ্বল কুমার হালদার বলেন, সরস্বতী দেবী সত্য ও সুন্দরের প্রতীক। শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীদের জ্ঞান ও সৃজনশীলতার শক্তি দেন তিনি। আমরা দেশের মানুষের জন্য মায়ের কাছে কৃপা ও সুরক্ষা প্রার্থনা করেছি। পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়