নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের চার খাম্বার মোড়ে জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মারুফ হোসেন (২১) নামে এক যুবককে পিস্তল ঠেকিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় প্রধান অভিযুক্ত মাহফুজুর রশিদ অর্ককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে শহরের মনিহার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে চার খাম্বার মোড়ে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মারুফ হোসেন কাজীপাড়া থেকে রিকশাযোগে বেজপাড়ার বাড়িতে ফিরছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে অর্ক, সানি ও তাদের সঙ্গে থাকা আরও ৩–৪ জন সন্ত্রাসী তার পথরোধ করে। প্রথমে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর চাকু দিয়ে তার বুক, পিঠ ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়। পাশাপাশি লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মারুফের খালা বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার বাসিন্দা রুমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মনিহার ফলপট্টি এলাকার বাসিন্দা সানিকে পলাতক আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

