২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে প্রায় ৫১ লাখ টাকার স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুইটি স্বর্ণের বার। শনিবার ভোরে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম খালেদ হোসেন। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে খালেদ হোসেনকে আটক করা হয়। আটকের পর তার প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৩৩ দশমিক ২৬ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়েছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও চৌগাছা সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়