প্রতিদিনের ডেস্ক
পিরোজপুরে বাসচাপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেক ফেল করে ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করি। কয়েকজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে চারজন মারা যান। নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের নাম জানা গেছে। বাকি তিনজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকানী উপজেলার বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চুমুরদী এলাকায় এলপিজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার তালতলি থেকে ঢাকার আব্দুল্লাহপুরের উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস (যার রেজি নং- ঢাকা মেট্রো ব- ১২-৩০২০) বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত আরেক যাত্রী নিহত হন। বাসে থাকা অন্যান্য যাত্রীরা কমবেশি জখম হন। এ দুর্ঘটনায় ঢাকা-বরিশাল রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

