নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি ভারতীয় এয়ারগান, ১টি বিদেশি গ্যাস পিস্তল এবং বিপুল পরিমাণ অস্ত্রের আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আন্দুলিয়া বিওপির একটি টহল দল চৌগাছা থানাধীন দৌলতপুর গ্রামের মাঠ এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা। বিজিবি আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও চোরাচালান রোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

