শামিম হোসেন, কুয়াদা
যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় আয়োজিত এই পথসভায় যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মুফতি রশীদ আহমাদ বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি রশীদ আহমাদ বলেন, “দেশের জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে হরণ করা হয়েছে। এই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন কায়েম করতে হলে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই মণিরামপুরের সার্বিক উন্নয়ন সম্ভব হবে।” তিনি এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় মুফতি রশীদ আহমাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। পথসভা চলাকালে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো কুয়াদা বাজার এলাকা মুখরিত করে তোলেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক অংশগ্রহণে উপস্থিত জনগণ ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর আবহে পথসভা ও গণসংযোগ কর্মসূচি সম্পন্ন হয়।

