৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে ১২০ বছর বয়সেও ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছিলো সরণা বেগম

শামিম হোসেন, কুয়াদা
বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, দৃষ্টিও ঝাপসা তবু গণতান্ত্রিক অধিকার ও নাগরিক দায়িত্ববোধের কাছে হার মানেনি বার্ধক্য। যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের বাসিন্দা সরণা বেগম ১২০ বছর বয়সেও ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে স্বজনদের সহযোগিতায় এবং লাঠিতে ভর দিয়ে তিনি স্থানীয় ভোটকেন্দ্রে হাজির হন। শতবর্ষী এই বৃদ্ধাকে ভোটকেন্দ্রে দেখে উপস্থিত অন্যান্য ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা বিস্মিত ও অনুপ্রাণিত হন। অনেকেই তাঁর অদম্য মনোবল ও নাগরিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই সরণা বেগম শারীরিকভাবে দুর্বল। চলাফেরায় কষ্ট থাকলেও ভোট দেওয়ার বিষয়ে তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। পরিবারের লোকজন ভোটকেন্দ্রে যাওয়ার প্রসঙ্গ তুলতেই তিনি বলেন ভোট দেওয়া কেবল একটি অধিকার নয়, এটি একটি পবিত্র আমানত। সেই বিশ্বাস থেকেই শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে তিনি ভোটকেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্থানীয়দের মতে, বর্তমান সময়ে যখন অনেক তরুণ ভোটার ভোটকেন্দ্রে যেতে অনাগ্রহ দেখান, তখন ১২০ বছর বয়সী একজন বৃদ্ধার এমন অংশগ্রহণ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। তাঁর উপস্থিতি প্রমাণ করে দেশ ও গণতন্ত্রের প্রতি ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরণা বেগমের এই উদ্দীপনা নতুন প্রজন্মের ভোটারদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং গণতন্ত্র চর্চায় সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে উদ্বুদ্ধ করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়