অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তর বিশ্বাস (২০) নামের এক যুবক। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদী দক্ষিণপাড়া হাড়িভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত অন্তর বিশ্বাস কুষ্টিয়া জেলার যুগিয়া থানার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সড়কের সাগর বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাদী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিলের মেয়ের সঙ্গে কুষ্টিয়া জেলার এক যুবক অন্তরের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে। দীর্ঘদিন ধরে যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি পারিবারিকভাবে এ সম্পর্ক নিয়ে টানাপোড়েন ও বিরোধ সৃষ্টি হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় প্রেমিকার খোঁজে অন্তর ধোপাদী গ্রামে আসেন। এ সময় বাড়ির লোকজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের সামনেই অপমানিত ও ক্ষুব্ধ হয়ে অন্তর নিজের সঙ্গে আনা পেট্রোল শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই তিনি দগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পাশের একটি পুকুরে ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মরিয়ম মুনমুন বলেন, অন্তরের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে খুলনায় পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে প্রেমঘটিত বিরোধ, পারিবারিক চাপ কিংবা অন্য কোনো কারণ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক, পারিবারিক অমিল এবং মানসিক চাপের ঝুঁকিপূর্ণ দিকগুলো সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় নেওয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। স্থানীয় সচেতন মহলের দাবি, এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন, সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

