নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নিউ মার্কেট এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আব্দুল্লাহ(২৫) নামে এক বাস সুপারভাইজারকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নিউ মার্কেট খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ মাগুরা জেলার নিজ নান্দুয়ালী গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি যশোর-টু-মাগুরা লোকাল বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, দ্বিতীয় বিয়ে করার জেরে তার স্ত্রীর সাবেক স্বামী মুজাহিদ (২৭) তাকে একা পেয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

